চট্টগ্রাম নগরীর সিইপিজিডের মের্সাস পাপেলা সুজ লিমিটেডের দুইটি প্রতিষ্ঠানে এবং কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকার গোল্ডেন সান লিমিটেড কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
আজ সোমবার (১১ মে) সকালে অফিস চলাকালীন সময়ে তারা কারখানাগুলোর সামনে আন্দোলন শুরু করেন।
বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনেও কাজ বন্ধ করে বিক্ষোভ করেছে সিইপিজিডের মের্সাস পাপেলা সুজ লিমিটেডের দুইটি প্রতিষ্ঠানের শ্রমিকরা। এ সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মাজারগেইট এলাকায় ওই প্রতিষ্ঠানের হেড অফিসও শ্রমিকরা ঘেরাও করে রাখে।
সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের ৪ নম্বর রোডে পাপেলা সুজ লিমিটেডের পোশাক ও জুতা তৈরির প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলনে নামে। এ দুইটি কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক কর্মরত রয়েছে।
জানা যায়, শ্রমিকদের মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল ১০ মে। এ টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে বকেয়া বেতন ১৩ মে পরিশোধ করার কথা জানালে কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
নগর পুলিশের সহকারি কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা বলেন, ‘সিইপিজেডের কয়েক’শ পোশাক শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে পাপেলা সুজ ফ্যাক্টরির আগ্রাবাদ এলাকার হেড অফিস ঘিরে রেখেছে। খবর পেয়ে সেখানে পুলিশের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এদিকে গত দুই মাস ধরে বেতন ভাতা দেয়নি নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকার গোল্ডেন সান লিমিটেড কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ না করার কথা জানালে আন্দোলনে নামে কারখানার শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে আটটা থেকে কারখানার সামনে আন্দোলন শুরু করেন তারা।
কারখানার আন্দোলনরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কিন্তু ঈদের আগে এক মাসের বেতন পরিশোধ না করার সিদ্ধান্ত জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
করোনার প্রভাবে আমাদের উপার্জন নেই। সামনে ঈদ, আমাদের পরিবার আছে, সন্তান আছে। এই সময়ে এসে কাজ করার পরও যদি বেতন না পাই, মনে খুব কষ্ট লাগে। তাই আমরা আন্দোলনে নেমেছি।
কারখানার ম্যানেজার ওমর হায়দার বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকরা যে আন্দোলন করছিল তা নিয়ে সমঝোতা হয়েছে। গত মার্চ মাসের বেতন আগামি ১৭ মে রকেটের মাধ্যমে এবং এপ্রিল মাসের বেতন ২০ মে একইভাবে পরিশোধ করা হবে।



















