করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থী মোঃ হোসেন মুরাদ। আজ বুধবার (১৩ মে) সকাল ৭.৪৫ মিনিটে মুন্সিপাড়ার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
করোনার লক্ষন থাকায় গত ৩ দিন আগে নমুনা দিয়েছিলেন করোনা পরীক্ষার জন্য। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই হার মেনে পাড়ি জমিয়েছেন পরপারে। চট্টগ্রাম -১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন। মুরাদ মুনির নগর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান জানান, হোসেন মুরাদের ভাড়া বাসার এক বাসিন্দার করোনা শনাক্ত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার শরীরের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু তার রিপোর্ট আসেনি।
গত দুই দিন তার মারাত্মক জ্বর ছিল। আজ বুধবার সকাল থেকে তার শ্বাসকষ্টও বেড়ে যায়। মাত্র ৫১ বছরের জীবনাবসানে তিনি স্ত্রী ও এক সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান। ১৩ মে বুধবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



















