করোনাভাইরাস শনাক্তের ঘটনায় নগরীতে ভবন লকডাউনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গতকাল বুধবার মধ্যরাতে নতুন করে আরো ৭০টি ভবন লকডাউন করা হয়েছে। নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) একটি দল সেনাবাহিনীকে সাথে নিয়ে ভবনগুলো লকডাউন করেছে বলে জানিয়েছেন সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ। এর মধ্যে মোমিনরোডে কদমমোবারক এতিমখানার পাশের একটি ভবনও রয়েছে।
এ বিষয়ে সিটিএসবির উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ বলেন, এখন পর্যন্ত ৭০ ভবন লকডাউনের ঘটনায় নগরীতে সর্বোচ্চ। এর আগে এতো বিশাল সংখ্যক ভবন লকডাউনের ঘটনা ঘটেনি। এ নিয়ে নগরীতে ঝুঁকিতে থাকা প্রায় ৫০০ ভবন লকডাউন করা হয়েছে। আজ (গতকাল বুধবার) নগরীর ৭২ জন রোগীর বিপরীতে ৭০ বাড়ি বা ভবন লকডাউন করা হয়েছে। এ ভবনগুলোর বাসিন্দারা এখন থেকে বাইরে বের হতে পারবেন না। কেউ ওই ভবনগুলোতে প্রবেশও করতে পারবেন না।
১৪ দিন পর্যন্ত ভবনগুলোতে এ অবস্থা বিরাজমান থাকবে। এরপর সংক্রমণের ঝুঁকি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রসঙ্গত, চট্টগ্রামে বুধবার পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনায় পজিটিভ হওয়া রোগীর সংখ্যা ৫১২ জন।



















