বৈশ্বিক করোনা মহামারী থেকে রক্ষা পেল না মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারাও। দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার ৬৬ দিন পর অবশেষে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আঘাত হানলো ভয়ংকর করোনা ভাইরাস।
বৃহস্পতিবার ১৪ মে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২ জন রোহিঙ্গা শরনার্থীর করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তারা ২জনই পুরুষ এবং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা।
তাদের একজন হলো-উখিয়া উপজেলার লম্বাশিয়া এলাকার ১ নম্বর পশ্চিম ক্যাম্পের বাসিন্দা। তাকে আইওএম এর ২ নম্বর ক্যাম্পের পশ্চিম ব্লকে স্থাপিত আইসোলেশন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে। অপরজন হলো-কুতুপালং ১নং ক্যাম্পের শরনার্থী। তাকেও তাৎক্ষণিক এমএসএফ এর ওসিআই আইসোলেশন হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তাকে সেখানে রেখে চিকিৎসা সেবা দেওয়া হবে।
বিষয়টি আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু মো. তোহা জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা আক্রান্ত রোগীদের পরিবারের সদস্য ও তাদের সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তাদের আগামী ১৫ মে নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।



















