সর্বজন শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক ড.আনিসুজ্জামানের মৃত্যুতে (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ – ১৪ মে ২০২০) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোকাহত।
বরেণ্য শিক্ষাবিদ,লেখক,মুক্তিযোদ্ধা,ভা ষা সংগ্রামী,গবেষক,দেশের সকল প্রগতিশীল আন্দোলনের অগ্রনায়ক, সংবিধানের অনুবাদক এই গুণী শিক্ষকের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড.এম এ মাননান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি এক শোক বার্তায় গভীর সমবেদনা জানান।
উপাচার্য ড.এম এ মাননান তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিময়তা স্মরণ করে বলেন,তিনি ছিলেন জাতির মুক্তবুদ্ধির আলোকশিখা ও শিক্ষা,শিল্প,সাহিত্য,সংস্কৃতির একক প্রতিষ্ঠান।
তাঁর মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি আরও বলেন,বাঙ্গালির চেতনা ও মননের বাতিঘর এই মহান শিক্ষক তাঁর কর্মময় জীবনের মাধ্যমে সকল বাংলা ভাষাভাষীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড.আনিসুজ্জামান বাংলা একাডেমি পুরস্কার( ১৯৭০)একুশে পদক ( ১৯৮৫)স্বাধীনতা পুরস্কার ( ২০১৫) লাভ করেন।২০১৮ সাল হতে তিনি জাতীয় অধ্যাপক ছিলেন।কলকাতার আনন্দবাজার পত্রিকা থেকে দুবার (১৯৯৩,২০১৭)আনন্দ পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় হতে ডি. লিট (২০০৫)এবং কলকাতা বিশ্ববিদ্যালয় হতে ‘জগত্তারিনী পদক(২০১৮)লাভ করেন।



















