কর্মসূত্রে সিঙ্গাপুরে আটকে রয়েছেন ৩ লক্ষ শ্রমিক। যারা আসা-যাওয়ার মধ্যে কাজ করে থাকেন। বাংলাদেশ ও ভারতের এসব শ্রমিক এই মুহূর্তে আটকে রয়েছেন সেই দেশে। এ পরিসংখ্যান দিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা। এসব শ্রমিকদের সাহায্যের উদ্দেশে সিঙ্গাপুর সরকারের তরফেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই উদ্যোগেই শামিল হয়েছেন ঋতুপর্ণা।
শুক্রবার কলকাতার সংবাদ প্রতিদিন-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ১৫ মে দুপুর সাড়ে ১২ টায় প্রতিবেদনটি অনলাইনে আপ করা হয়।
এতে বলা হয়, বর্তমানে ঋতুপর্ণা সিঙ্গাপুরে রয়েছেন। মার্চ মাসে মেয়ে রিসোনাকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন স্বামী সঞ্জয়ের সঙ্গে। লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন। এই সময়ে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম তো কাটাচ্ছেন। এর পাশাপাশি করোনা মোকাবিলায় নানা উদ্যোগেও শামিল হয়েছেন এই অভিনেত্রী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিঙ্গাপুরে আটকে থাকা মাইগ্রেটরি শ্রমিকদের মনোবল বাড়াতে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে দর্পণ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। যার নাম ‘আমার তোমার, সবার কথা’ (Our Stories Your Stories)।
প্রতিবেদনে আরও বলা হয়, এই কঠিন সময়ে আটকে পড়া শ্রমিকদের উদ্বুদ্ধ করার জন্য কিছু করতে পেরে খুশি ঋতুপর্ণা সেনগুপ্ত। দর্পণ স্বেচ্ছাসেবী সংস্থার শ্রেয়সী সেনের তরফেই প্রথমে এই প্রস্তাব অভিনেত্রীর কাছে আসে বলে জানিয়েছেন তিনি।পরিবার-পরিজন ছেড়ে দূরদেশে থাকা মাইগ্রেটরি শ্রমিকদের জন্য এমন একটি উদ্যোগের জন্য সিঙ্গাপুর সরকার ও দর্পণকে ধন্যবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।
ভিডিও প্রকাশ করে নিজেদের জীবনের নানা কঠিন মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি-সহ নিজেদের নানা শিল্পকলা তুলে ধরবেন তারকারা। আর সিঙ্গাপুর সরকার ও দর্পনের এই উদ্যোগে শামিল হয়েছেন দু বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ গায়িকা লোপামুদ্রা মিত্রও। ইরফান খান অভিনীত ছবি ‘ডুব’ খ্যাত বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী এবং নায়ক ফেরদৌস যোগ দিয়েছেন সিঙ্গাপুর স নেওয়া যৌথ উদ্যোগে। ‘আমার তোমার, সবার কথা’র ব্যবস্থাপনার নেপথ্যে রয়েছেন সার্থক দাশগুপ্ত।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























