বৈশিক দূর্যোগ নভেল করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক তারাবির নামাজ আদায় করায় ও মানবিকতা বিবেচনায় ধামরাই পৌরসভার বিভিন্ন মসজিদের ৭৫ জন ইমাম-মোয়াজ্জিনকে ঈদসামগ্রী ও আর্থিক অনুদান দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির।
গতকাল ধামরাই পৌর মিলনায়তনে এ ঈদ সামগ্রী ও অনুদান প্রদান করা হয়। এসময় পৌরসভার ৪৫ জন ইমামকে সাত হাজার টাকা করে ও ৩০ জন মোয়াজ্জিনকে তিন হাজার করে টাকা দেয়া হয়। একই সঙ্গে ঈদ উপলক্ষে প্রত্যেককে ১০ কেজি করে চাউল, চিনি, সেমাইসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, পৌরসভার প্যানেল মেয়র শহিদুল্লাহ, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ধামরাই প্রেসক্লাবের সভাপতি আবু হাসান প্রমুখ। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ।
সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। ধামরাই পৌর মেয়র গোলাম কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পৌর এলাকার প্রায় পাঁচ হাজার অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।





















