করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মধ্যেই রবিবার বৈঠকে বসতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বিকাল ৩টায় সংসদ ভবনে কমিটির এই বৈঠক ডেকেছেন।
করোনার সংক্রমণ রোধে আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। গত ২৬ মার্চ থেকে এই সাধারণ ছুটি ঘোষণার পর এখন পর্যন্ত কোনও সংসদীয় কমিটির বৈঠক হয়নি। শুধু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১৮ এপ্রিল সংসদের ৭ম অধিবেশন বসে। তাও স্বাস্থ্যবিধি মেনে হওয়া অধিবেশনটি এক কার্যদিবসেই সমাপ্ত হয়ে যায়। যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।
ফারুক খান জানিয়েছেন, সংসদ নেতা ও স্পিকারের সঙ্গে আলোচনা করেই তিনি কমিটির বৈঠক ডেকেছেন। স্বাস্থ্যবিধি মেনে বৈঠক হবে। কমিটির সদস্যদের ব্যক্তিগত সহকারী আনতে নিষেধ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বলা হয়েছে, শুধু কার্যসূচির সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সংসদ সচিবালয়ের শুধু আবশ্যক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বৈঠকে।
সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে দেখা যায়, করোনাকালে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের কি কি সেবা দিয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। বিদেশে কোন কোন দেশে বাংলাদেশ কি কি সাহায্য পাঠিয়েছে এবং কি সাহায্য পেয়েছে তা নিয়েও আলোচনা হবে। এছাড়া কার্যসূচিতে রয়েছে, জাপান ও রুমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত বৈঠকে উপস্থিত থেকে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























