চট্টগ্রামে একজন করোনা রোগী ও দুইজন করোনাভাইরাসের লক্ষণ নিয়ে শনিবার রাতে এবং রোববার সকালে মারা গেছেন। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তারা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শনিবার রাত ৯টার দিকে মারা যান নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা আশরাফ আলী রোডের নিলু বড়ুয়া (৫৭)। এর আগে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ প্রতিবেদন আসার পর গত ১১ মে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত ১৫ মে তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
চট্টগ্রাম জেনারলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল জানান, ফটিকছড়ি উপজেলার বজল আহমেদ (৭০) নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মারা যান।
এছাড়া নগরীর আগ্রবাদ বেপারী পাড়ার নজরুল ইসলাম (৫৯) নামের আরেক রোগী রোববার সকাল ৮ টা ১০ মিনিটের দিকে মারা যান। তারা দুইজন করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারলে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এই দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে ১১৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সাতজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে।






















