চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরো এক রোগী। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে তারা মারা যান। করোনায় মারা যাওয়া দুই রোগী হলেন মো. ইদ্রিস আলী (৮৭)।
তিনি নগরীর সদরঘাট থানার উত্তর নালা পাড়ার বাসিন্দা । সকাল সাড়ে ৯ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যজন হলেন ওমর ফারুক (৫৭)। তিনিও সকাল সাড়ে ১০ টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া আব্দুল কাদের (৫৮) নামে একজন সকাল সাড়ে ৭ টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা জানান, আমাদের হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগী সকালে মারা গেছেন। তার মধ্যে ২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগী। আরেকজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা ধরা পড়েছে। আক্রান্তরা অধিকাংশ নগরের বাসিন্দা বলে জানা গেছে।























