আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর গ্রহণ করেননি ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অবসর প্রসঙ্গে গত এক বছর ধরেই তর্ক-বিতর্ক চলছে। তবে এবার নতুন খবর জানিয়েছেন ধোনি। করোনার কারণে মাঠের ক্রিকেট বন্ধ থাকায় অনলাইনে কোচিং ক্যারিয়ার শুরু করছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধোনি নিজেই একটি ক্রিকেট একাডেমি শুরু করতে যাচ্ছেন। এ ব্যাপারে তাকে সাহায্য করবে আর্কা স্পোটর্স প্রাইভেট লিমিটেড। ধোনির একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ড্যারিল কালিনানকে। তবে একাডেমির যাবতীয় বিষয়ে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ধোনি নিজেই।
ধোনির একাডেমিতে ৬ বছরের শিশু থেকে শুরু করে পেশাদার তরুণ ক্রিকেটার সকলেই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। আগামী ২ জুলাই থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক।
বিষয়টি নিশ্চিত করে আর্কা স্পোর্টসের পক্ষ থেকে বলা হয়েছে, ধোনিই এখানে প্রধান পরিকল্পনাকারী হিসাবে কাজ করবেন। আমরা এখন পর্যন্ত প্রায় ২০০-এর বেশি কোচদের প্রশিক্ষণ দিয়েছি। এবার ক্রিকেটারদেরকেও কোচিং করানো শুরু করব। সবকিছু শুরু হবে আগামী ২ জুলাই থেকে। কোচ প্যানেলসহ প্রকল্পের প্রধান হিসাবে কাজ করবেন মহেন্দ্র সিং ধোনি।
গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ধোনি। তখন থেকেই এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অবসর নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি এই ক্রিকেটার। তবে গত বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যায়নিধোনিকে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

























