এক দশকেরও বেশি সময় পর আবার কলকাতা ও লন্ডনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে। আপাতত বন্দে ভারত উড়ান প্রকল্পে এই পরিষেবা মিলবে। তবে, সূত্রের খবর, বন্দে ভারত উড়ান বন্ধ হলেও কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালু থাকার সম্ভাবনা প্রবল।
এই সময় ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১-য় রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই কলকাতা থেকে লন্ডন সরাসরি উড়ানের জন্য দরবার করে আসছিলেন। অবশেষে এগারো বছর পর করোনা সংকটের মধ্যেই ফের চলবে কলকাতা-লন্ডন উড়ান।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আপাতত সপ্তাহে দু’দিন করে চলবে কলকাতা-লন্ডন উড়ান। লন্ডন থেকে বুধবার এবং শনিবার উড়ান আসবে কলকাতায় আর এখান থেকে বৃহস্পতিবার রবিবার উড়ান যাবে লন্ডনে। জানা গিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাবে এয়ার ইন্ডিয়ার এই পরিষেবা।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২৪ অক্টোবর পর্যন্ত বন্দে ভারত প্রকল্পে এই উড়ান চলার কথা হয়েছে। সাধারণ আন্তর্জাতিক যাত্রী-উড়ান চালু না হওয়া পর্যন্ত, বন্দে ভারতের উড়ানেই যাত্রীরা যাতায়াত করবেন। সাধারণ যাত্রী-উড়ান একবার চালু হয়ে গেলে, বন্দে ভারত উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাবে।
সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরেই কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালানোর দাবি জানিয়ে আসছিলেন। তাই বন্দে ভারত প্রকল্পের উড়ান বন্ধ হয়ে যাওয়ার পরেও কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু থাকার সম্ভাবনা রয়েছে।
দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত প্রকল্পে ভারত-ব্রিটেন ‘এয়ার বাবল’ চুক্তির ফলে এই ফ্লাইট চালু হচ্ছে।
কোভিড সংকটের মধ্যে আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু রাখতে পৃথক দ্বিপক্ষীয় চুক্তিই হল বায়ু-বুদ্বুদ ব্যবস্থা বা ‘এয়ার বাব্ল অ্যারেঞ্জমেন্ট’। অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর-সহ ১৩টি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। কোভিড নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকলেও দ্বিপাক্ষিক এই বায়ু বুদ্বুদ চুক্তি (bilateral air bubble pact)-র আওতায় উভয় দেশের বিমান সংস্থাগুলি নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারে।
অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী এদিন জানান, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় বায়ু বুদ্বুদ চুক্তি সম্পন্ন হয়েছে
বিজনেস বাংলাদেশ/ এ আর


























