ভারতের বিনোদনজগৎ থেকে একের পর এক অপমৃত্যুর খবর মিলছে। এমনিতে সুশান্তের অপমৃত্যুর ধাক্কায় তোলপাড় বলিউড দুনিয়া। আত্মহত্যার এই নির্মম তালিকায় এবার যুক্ত হলেন তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি। গোপন ছবি ফাঁসের আতঙ্কে আত্মহত্যার পথ বেছে নিলেন তেলেগু অভিনেত্রী।
বুধবার (০৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ২৬।
শ্রাবণীর পারিবারিক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, গোসল করার অজুহাতে শ্রাবণী তাঁর রুমে প্রবেশ করেন। কিন্তু এক ঘণ্টা সময় চলে যাওয়ার পরও যখন তিনি তাঁর রুম থেকে বের হচ্ছিলেন না, তখন পরিবারের লোকজনের মনে সন্দেহ জাগে। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে তাঁর মৃত্যুর কারণ এবং কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি। অবশ্য অভিনেত্রীর আত্মহত্যার জন্য তার সাবেক প্রেমিক ও অভিনেতা দেবারাজুকে দায়ীকে করেছেন শ্রাবণীর পরিবার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত জুনে অভিনেত্রীকে হেনস্থা করার অভিযোগে দেবারাজুকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই অভিনেতা শ্রাবণীকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিলেন। এখন পরিবারের অভিযোগ, দেবারাজুর হেনস্থার জন্যই নিজের জীবন শেষ করে দিয়েছেন শ্রাবণী। এরই মধ্যে পরিবারের অভিযোগের ভিত্তিতে দেবারাজুর বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। এখন এ বিষয়ে তদন্ত চলছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























