সিলেট এমসি কলেজ, খাগড়াছড়ির প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ ও নীলা রায় হত্যাকান্ডসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ হত্যার আসামিদের দ্রুত বিচার আইনে শাস্তির দাবী জানিয়ে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি পালন করেছে ২০ টি সংগঠন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে শহরের পৌরসভার সামনের সড়কে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃত্বে সম্মিলিত জোটের ব্যানারে এ সকল সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।
কর্মসূচীতে সম্মিলিত জোটের সম্বয়কারী জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, নেত্রকোনা জেলা প্রেসক্লাব, মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, মধুমাছি কচিকাঁচার মেলা, নারী প্রগতি সংঘ, মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, সাহিত্য সমাজ, হিমু পাঠক আড্ডা, শিশু ছায়া, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, মানবিক নেত্রকোনা, সেরা, ব্রাক, স্বাবলম্বী, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কমিটি, মানবাধিকার সংরক্ষণ পরিষদ, হাওয়াইন গীটার শিল্পী সমিতিসহ জেলার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহন করেন।
অবস্থান কর্মসূচীতে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আলপনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, স্বাবলম্বীর স্বপন পাল, নারী প্রগতি সংঘের মৃনাল কান্তি চক্রবর্তী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, মিতিালী সংঘের এটিএম রাজ্জাক, নারী নেত্রী কোহিনুর বেগম, কল্পনা মহানায়ক, বারসিকের অহিদুর রহমান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর দেবাশিষ সরকার, সাহিত্য সমাজের সাইফুল্লাহ ইমরান, সংস্কৃতিকমর্ী নারী উদ্যোক্তা নাজনীন সুলতানা সুইটি, হিমু পাঠক আড্ডার মীর্জা র্হদয় সাগর, ইয়ুথ লিডার তৃপ্তি আক্তার, শিশু ছায়ার তোফায়েল খান সায়ন, ছাত্র অধিকার পরিষদের ফাহিম রহমান খান পাঠান ও ছাত্র ইউনিয়নের মিথুন শর্মা অভি প্রমুখ।
তারা ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে সাম্প্রতিক সময়ে সারাদেশে সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়ন, খুন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবী জানান। পরে মেইন সড়কে রাস্তায় বসে অবস্থান কর্মূসূচী শেষে তারা হুশিয়ারি দেন এ সকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে লাগাতার আন্দোলনে তারা জেলার সকল সড়ক অবরোধ করতে বাধ্য হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















