নতুন ছন্দে, নতুন ছোঁয়ায় আসতে চলেছে সা রে গা মা পা। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গানের রিয়ালিটি শো। বদলে গিয়েছে সঞ্চালক, বিচারকের আসন, অনুষ্ঠানের বিভিন্ন নিয়ম। করোনার প্রকোপে যা যা নিয়ম বদলানোর তা তো বদলেছেই, পাশাপাশি দীর্ঘদিনের সা রে গা মা পা অনুষ্ঠানের সাথি সঞ্চালক যিশু সেনগুপ্তের জায়গায় এসেছেন এবার আরেক জনপ্রিয় নায়ক আবির চট্টোপাধ্যায়। তাঁকে যিশুর জায়গায় দেখে খানিকটা অবাক বাংলার দর্শকমহল। মাসখানেক আগে আবির নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রোমোর ভিডিও, ছবি পোস্ট করতেই বেড়েছিল জল্পনা। আবিরের জীবনে নতুন যাত্রা। বিশেষ খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় দাবানল ছড়ালেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায় ৷
যিশুই এত দিন ছিলেন ‘সা রে গা মা পা’র মঞ্চে চেনা মুখ। দর্শকের কাছে যিশুর আবেদন ছিল অন্য রকম। সবার সেই পুরনো আবেগকে আবির ধরে রাখতে পারবেন কি না তা সময়ই বলে দেবে। তবে আবির যে শুধু বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তাই নয়; তরুণ-তরুণীদের মধ্যে তাঁকে নিয়ে রয়েছে চরম উত্তেজনা। তাঁকে নন-ফিকশনের মঞ্চে দেখার জন্য রীতিমতো আগ্রহী সবাই। শুধু সংগীতের জন্যই নয়, যিশুর সঞ্চালনার কারণেই অনুষ্ঠানের টিআরপি বাড়ত। সেই জায়গায় আবিরের ভূমিকা কেমন হবে, সেটাই দেখার বিষয়। এবার সব জল্পনা কাটিয়ে শুরু হতে চলেছে বাংলার এই জনপ্রিয় গানের রিয়ালিটি অনুষ্ঠান। সঞ্চালনায় যেমন পরিবর্তনের ছোঁয়া, তেমনি বিচারকের আসনেও এসেছে নতুনত্ব। বিচারক হিসেবে আগের মতো শ্রীকান্ত আচার্য থাকলেও মোনালি ঠাকুর এবং শান্তনু মৈত্র নেই সেই আসনে। শ্রীকান্ত আচার্য ছাড়াও এবার বিচারক হিসেবে এসেছেন আকৃতি কক্কর ও মিকা সিং ৷
অনুষ্ঠানটি গত ২৬ সেপ্টেম্বর থেকে রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় ১০টা) শুরু হয়েছে জি বাংলায়। বর্তমানে সেরা ৪৫ জনকে আবারও মূল বিচারকরা পরখ করে নেবেন ৷ তারপর সেখান থেকে সেরা ১৮ জনকে নিয়ে শুরু হবে মূল পর্ব ৷ জমজমাট এই শো-তে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আসামের অমিত তালুকদার। নিজের কোনো ফোন নেই, যা-ও বা ছিল তা ভেঙে গেছে। বাড়ি ছেড়ে পালিয়েছিলেন সংগীতের টানে। কিন্তু যেখানে দুবেলা খাওয়া জোটে না, সেখানে সংগীত শিখবে কী করে অমিত? শুনে শুনে গান রপ্ত করে অমিত!
এদিন সা রে গা মা-র মঞ্চে অরিজিত সিংয়ের একটি গান গেয়ে বিচারকদের মন জয় করে নিয়েছিল অমিত। এদিনের মঞ্চে অমিত পেল সারা জীবনের জন্য গুরু মনোময় ভট্টাচার্যকে, পাশাপাশি একটি আইফোনও (iPhone) পেয়ে গেল মিকা সিংয়ের থেকে। কার্যত নিজের ফোনটি মিকা অমিতের হাতে তুলে দেন রোজ গান শোনার জন্য। সব মিলিয়ে সা রে গা মা পা-২০২০ এবার জমজমাট। তাই এবারের শোয়ে থাকছে আরো নতুন নতুন চমক। দেখতে চোখ রাখতে হবে প্রতি শনি ও রবিবার রাত ১০টায় জি বাংলায় ৷ প্রসংগত করোনা পরিস্থিতিতে এবার খুব সম্ভব বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী থাকছে না ৷
বিজনেস বাংলাদেশ/ এ আর

























