করোনা মহামারীর মধ্যেও টানা শুটিং চলছে ‘নবাব এলএলবি’ সিনেমার। প্রযোজনা প্রতিষ্ঠানের ইচ্ছা, অক্টোবরের শেষ সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার। ছবির অভিনয়শিল্পী বাছাইয়ে যেমন চমক রাখা হয়েছে, তেমনি আইটেম গানেও চমক রাখতে চাইছেন পরিচালক অনন্য মামুন। ছবির গল্পের অংশের শুটিং প্রায় শেষ হয়ে এলেও রোমান্টিক আর আইটেম গানের শুটিং এখনো শেষ হয়নি। আর আইটেম গানে শাকিব খানের সঙ্গে কে পর্দায় হাজির হবেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।
তিনজনের নামের গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁরা হলেন বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও তানজিয়া জামান মিথিলা। শাকিব খানের বিপরীতে প্রথম দুজনের কাজের অভিজ্ঞতা থাকলেও মিথিলার এখনো সুযোগ হয়নি ঢালিউডের জনপ্রিয় এই নায়কের সঙ্গে কাজের।
‘নবাব এলএলবি’ ছবির দৃশ্যধারণের কাজ শুরুর পর থেকেই পরিচালক অনন্য মামুন নানাভাবে বলেছিলেন, এই ছবির আইটেম গানেও চমক হিসেবে ঢালিউডের কোনো একজন জনপ্রিয় ও আলোচিত নায়িকা থাকবেন। কিন্তু কে থাকবেন তাঁর নাম তিনি বলতে চাইছেন না। এদিকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আইটেমকন্যা হিসেবে মিম, ফারিয়া ও মিথিলার সঙ্গে আলাপ অনেক দূর এগিয়েছে। সম্মানী চূড়ান্ত হওয়ার পর চুক্তিপত্রে সই হওয়াটা শুধু বাকি।
যাঁর সঙ্গে ব্যাটে-বলে মিলে যাবে, তাঁকে দিয়ে আগামী সপ্তাহে ঢাকায় আইটেম গানের দৃশ্য ধারণ করবেন পরিচালক। তবে এ বিষয়ে পরিচালক মুখে কুলুপ এঁটে রইলেন। কারও নাম নিশ্চিত করে বললেন না, শুধু এটুকু বললেন, ‘আমরা কথা বলছি, কিন্তু এই মুহূর্তে নাম বলতে চাইছি না। সময় হলেই সবাই তা জানতে পারবেন।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























