নোয়াখালীতে বর্বরোচিত নারী নিপীড়ন, দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবারে রাঙ্গামাটিতে গানের মাধ্যেমে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘খেলাঘর আসর রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে ভ্রাম্যমাণ প্রতিবাদী গানের কর্মসূচির শুরু হয়।
ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি যেন পুরো রাঙ্গামাটিতে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। মানুষের হৃদয়ে জাগিয়ে দিয়েছে প্রতিবাদের সাহসীকতা। সকালে শহীদ মিনার প্রাঙ্গণ হতে প্রতিবাদী গানের ভ্রাম্যমাণ ট্রাকটিতে করে তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদী, বনরূপা, রিজার্ভ বাজারসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় গান পরিবেশন করে।
গানে গানে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন খেলাঘর আসর রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি জাহেদ আহমেদ। আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও সদস্য পূর্ণিমা তালুকদার। পরে শহিদ মিনার প্রাঙ্গণে শুরু হয় ভ্রাম্যমাণ প্রতিবাদী গান। এসময় গানে-গানে ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদ জানায় সংগঠনটি। এছাড়াও কর্মসূচিতে জেলা খেলাঘর আসরের সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নিপীড়ন উদ্বেগজনক হারে বেড়েই চলছে। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে আমাদের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষণের প্রকত দোষীদের শাস্তি না হলে পরবর্তী আরো ধর্ষণের ঘটনা সংঘটিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















