জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, “ধর্ষক বাহিনী দমন করার জন্যে একদিকে আইন প্রয়োগ করা দরকার- আমি যখন ধর্ষক বাহিনী দমন করতে আইন তৈরী করছি, এই আইনকে কার্যকরী করার জন্যে দক্ষতাও অর্জন করা দরকার যাতে দ্রুততার সাথে এই আইনটা কার্যকরী করতে পারি।”
রবিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া মিরপুর উপজেলার ছাতিয়ানে আব্দুর রাফেত বিশ্বাস কলেজের নব নির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগদিয়ে সাংবাদিকদের সামনে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
ইনু আরো বলেন, “এ মুহুর্তে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা রয়েছে। সেকারনেই সমস্যা হচ্ছে, সংঘবদ্ধ ধর্ষক বাহিনী, সংঘবদ্ধ লুটপাট বাহিনী, সংঘবদ্ধ বাজার সিন্ডিকেট। এই বাজার সিন্ডিকেটকে দমন করার জন্যে স্থায়ী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলাসহ সামাজিক সচেতনতা গড়ে তোলা দরকার। একদিকে এখানে আইন তৈরির সাথে সাথে প্রশাসন এবং পুলিশ বাহিনীকে দক্ষতার সাথে তদন্ত শেষ করে অপরাধীকে চিহ্নিত করে বিচারকার্য সম্পন্ন করে শাস্তি দেয়া। সেই সাথে এমুহুর্তে দেশের জন্যে অর্থনীতির জন্যে সমাজের জন্যে আমাদের দরকার নজর দেয়া বাজার সিন্ডিকেট, ধর্ষক বাহিনী ও লুটপাট বাহিনীকে দমন করার জন্যে নজরদারি।”
কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী ভুমি কমিশনার রকিবুল হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলমসহ কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















