বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সূর্যস্নানের এক অসাধারণ ছবি নেট দুনিয়ায় ভাইরাল।
ছবিতে দেখা যায়, সূর্যাস্তের সময় সুইমিংপুলে দাঁড়িয়ে সময়টা উপভোগ করছেন এক দম্পতি। পশ্চিমাকাশে রক্তিম আভা। পুলের টলটলে পানিতে সেটি ছড়িয়ে পড়েছে। ওপ্রান্তে আরবের প্রাচীন ইমারতের সাক্ষী দেয়াল।
ছবিটি নিয়ে তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে– কে ফ্রেমবন্দি করেছেন বিরুস্কা দম্পতির এই প্রেমময়ী মুহূর্ত?
সেই রহস্য খোলাসা করেছেন বিরাট কোহলি নিজেই। তিনি জানিয়েছেন, তাদের এই সূর্যস্নানের ছবিটি তুলেছেন ব্যাঙ্গালোর সতীর্থ প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
ছবিটি রবিবার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কোহলি। ক্যাপশনে শুধু লাল রঙে লাভ চিহ্ন জুড়ে দিয়েছেন। আর ছবির ক্রেডিটে লিখেছেন ভিলিয়ার্সের নাম।
কমেন্টবক্সে ভিলিয়ার্সও লাভ ইমোজি দিয়ে এই রোমান্টিক জুটিকে স্বাগত জানিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরেই ভিলিয়ার্সের সেই কমেন্ট ৫১ হাজারের বেশি লাইকে ভেসে যায়।
এদিকে ভিলিয়ার্সের এমন ছবি তোলার দক্ষতা দেখে মুগ্ধ নেটিজেন। ব্যাটেবল জমানোয় তুমুল পারদর্শী এই প্রোটিয়া তারকা যে ক্যামেরায়ও চমৎকার ছবি জমাতে পারেন, তা এবার দেখল ক্রিকেটবিশ্ব।
কোহলি ও ডি ভিলিয়ার্স দুজনই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। স্বাভাবিকভাবেই উঠেছেন একই হোটেলে। আর সেখানেই বিরুস্কা জুটির প্রেমকে ফ্রেমে বন্দি করেছেন এবি। বিরুস্কা জুটির মতোই আইপিএলে জনপ্রিয় কোহলি-ভিলিয়ার্স জুটি।
সবশেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন এই দুজন। এবারের আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন ভিলিয়ার্স।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























