নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেছেন, প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নাটোরের ভেদড়া বিলের ৩০০ একর জমিতে অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। উত্তরাঞ্চলের ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে এবং লাখ লাখ মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এই অর্থনৈতিক জোন গড়ে তুলতে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে। এছাড়া নাটোর সদরে ডঃ ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ব্যাপারেও কথা চলছে। অচিরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে জিআর চালের ডিও বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নলডাঙ্গা উপজেলার ৪৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে সাড়ে ২৪ মেট্রিক টন জিআর চালের ডিও তুলে দেন। এতে করে প্রতিটি পূজা মন্ডবে ৫০০ কেজি করে চাল প্রদান করবে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ডিও বিতরণ অনুষ্ঠানে শিমুল বলেন, সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। অসংখ্য মানুষ মৃত্যু বরণ করেছে। এখনও এর ভয়াবহতা কমেনি। আমাদের সকলকে সচেতন ভাবে চলতে হবে। অনেক সাহসিকতা ও ধৈর্যের সাথে করোনা দুর্যোগ থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা দিয়ে এসব দুর্যোগ মোকাবিলা করছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















