বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতাকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে খেলায় নামার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। তিনি বলেছেন, ‘দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।’
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী মামুনুল হককে উদ্দেশ্য করে বলেন, ‘যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই। ফাপরবাজি করবেন না।’
কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমকে গণসংবর্ধনা দিতে যুবলীগ চট্টগ্রাম মহানগরের উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ আয়োজন করে। এতে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মামুনুল হককে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী আরও বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক রাজধানীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে আপত্তি জানিয়েছেন। ভাস্কর্য নির্মাণ করা হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























