গ্রীষ্মের দলবদলে সেরা তারকা লিওনেল মেসিকে বিক্রি করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন বার্সেলোনার ভারপ্রাপ্ত সভাপতি কার্লেস তুসকেতস। তিনি বলেন, ‘ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনায় তখন আর্জেন্টাইন তারকাকে বিক্রি করে দেওয়া উচিত ছিল।’
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর গত আগস্টে হঠাৎ করে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন মেসি। চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে ন্যুক্যাম্প ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে বার্সেলোনা অনড় ছিল মেসির রিলিজ ক্লজের ৭০ কোটি ইউরোর দাবি নিয়ে। শেষ পর্যন্ত অচলাবস্থার অবসান হয় নীরবতা ভেঙে মেসি বার্সেলোনাতে থেকে যাওয়ার ঘোষণা দেওয়ায়।
সম্প্রতি স্প্যানিশ রেডিও ‘আরএসি-১’কে দেওয়া সাক্ষাৎকারে মেসির বিষয়ে নিজের ভাবনার কথা জানান তুসকেতস। বলেন, ‘ক্লাবের আর্থিক অবস্থার কথা বলতে গেলে, গত গ্রীষ্মে আমি মেসিকে বিক্রি করে দিতাম। ক্লাবের জন্য সেটা লাভজনক হতো, বড় অঙ্কের অর্থ আসতো এবং তারা কিছুটা জমাতেও পারতো।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























