বিএনপি স্বাধীনতাকে মনেপ্রাণে বিশ্বাস করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তিকে নিয়ে রাজনীতি করে। তাদের জোটের সঙ্গী হচ্ছে জামায়াতে ইসলাম। তাদের কেউ স্বাধীনতাকে মনেপ্রাণে বিশ্বাস করতে চায় না।
তিনি বলেন, জামায়াতে ইসলাম দলগতভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই নয়, দলগতভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আলবদর বাহিনী গঠন করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে। বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা তাদের হাতেই গঠিত হয়েছিল। তারা শুধু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেনি, আমাদের মা-বোনের ইজ্জত লুণ্ঠনেও সহযোগিতা করেছে।’
ড. হাছান মাহমুদ বলেন, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না, সেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই জাতীয় সংগীত গাওয়া প্রয়োজন। এটি আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অবমাননা। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























