গোপালগঞ্জে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ইউপি-চেয়ারম্যান পদপ্রার্থীর টাঙানো ব্যানার ও তোরণ কুপিয়ে নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে এ ঘটনা ঘটে। একই সময়ে দু’টি দোকানঘরে কুপিয়ে ক্ষতিগ্রস্থ করেছে তারা।
স্থানীয়রা জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় জাঙ্গাল বাজারের মুদি ব্যবসায়ী হাসান শেখের সঙ্গে স্থানীয় বালু ব্যবসায়ী শহীদ শেখের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শহীদ শেখের পক্ষে বেশ কিছু লোকজন জাঙ্গাল বাজারে হামলা চালায় এবং হাসান শেখ ও মনির মোল্লার দোকানঘর কুপিয়ে ক্ষতিগ্রস্থ করে। এসময় হামলাকারীরা ওই স্থানে ভাষা শহীদদের শ্রদ্ধায় নির্মিত চেয়ারম্যান পদপ্রার্থী সৌদির দাম্মাম স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য মোঃ ছানোয়ার হোসেন মিলনের তোরণ ও টাঙানো ব্যানার কুপিয়ে ছিঁড়ে ফেলে। এব্যাপারে রাতেই মিলনের ভাই মোঃ আনোয়ার মোল্লা থানায় নূর ইসলাম মিনা, ইকরাম মিনা, আসলাম মিনা ও শহীদ শেখ সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেন।
গোপালগঞ্জ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি অভিযোগপত্রটি পেয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















