ভারতের উত্তরপ্রদেশে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক এসআই। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজ্যের কাসগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম দেবেন্দ্র। আর আহত পুলিশ কর্মকর্তার নাম অশোক কুমার।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার রাতে ওই মদের কারখানায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেই দলে ওই দুজন পুলিশ সদস্যও ছিলেন। এ সময় পুলিশ সদস্যদের ওপর লাঠি ও অস্ত্র নিয়ে হামলা করে দুর্বৃত্তরা। বাকিরা কোনো মতে পালাতে পারলেও দেবেন্দ্র এবং অশোককে আটকে রেখে মারধর করা হয়।
খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশের একটি বাহিনী। তারা খোঁজ করতে করতে ওই দুই আহত সহকর্মীকে পাশেই নাগলা ধিমার গ্রামের কাছে একটি মাঠে পড়ে থাকতে দেখেন। পরে ওই দুই আহত সহকর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান দেবেন্দ্র।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অশোক। তার অবস্থা আশঙ্কাজনক বলে আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এই ঘটনার পর উত্তররপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, কাসগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অপরাধীদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের করা হবে। পাশাপাশি আহত এসআই অশোকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছেন আদিত্যনাথ।
মৃত কনস্টেবলের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং তার পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।


























