বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সকাল সোয়া ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রণব কুমার বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সকাল সোয়া ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে আমির খসরু, তাঁর স্ত্রী তাহেরা খসরু আলম এবং ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) গোলাম সরোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক সেলিনা আক্তার গত মঙ্গলবার তলবি নোটিশ পাঠান তাঁদেরকে।
অবৈধ লেনদেন, অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আমীর খসরুকে তলব করে ২০০৮ সালের ১৬ অগাস্ট নোটিশ দিয়েছিলেন দুদকের তৎকালীন পরিচালক কাজী শফিকুল। ওই নোটিশে একই বছরের ২৮ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।
আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচারের পাশাপাশি স্ত্রী, পরিবারের অন্য সদস্য ও নিজের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ার কথা বলা হয় ওই নোটিশে।
২০১৮ সালের ৪ অক্টোবর আমির খসরু ও তাঁর স্ত্রী তাহেরা খসরু আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। পরের বছর ২০১৯ সালের ৬ আগস্ট তাঁদেরকে সম্পদ বিবরণী দাখিল করতে আলাদা নোটিশ দেয় সংস্থাটি। অনুসন্ধানে আমীর খসরুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বেশি নামে-বেনামে বিপুল সম্পদের প্রমাণ মিলেছে বলে উল্লেখ করা হয় ওই নোটিশে।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























