রেলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চাইলেন রেলমন্ত্রী। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার আজ বুধবার রেলভবনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ রেলওয়েতে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনাকালে রেলপথমন্ত্রী যুক্তরাষ্ট্রের তৈরি ৪০টি ব্রডগেজ লোকোমোটিভের বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ৫টি লটে ৪০টি লোকোমোটিভ আসবে। ইতোমধ্যে প্রথম লটের ৮টি বাংলাদেশে চলে এসেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম যে ১০০টি লোকোমোটিভ বাংলাদেশে সরবরাহ করবে, সেগুলোও যুক্তরাষ্ট্রের একই কম্পানি প্রগ্রেস রেল যন্ত্রপাতি সরবরাহ করবে। এসব লোকোমোটিভ চালানোর জন্য দক্ষ জনবল তৈরির জন্য প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়াসহ এসবের যন্ত্রাংশ যাতে সহজেই পাওয়া যায় সেজন্য ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানান।
রেলমন্ত্রী এ সময় বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা তুলে ধরে বলেন, ‘ডাবল লাইন নির্মাণ করা খুবই জরুরি।’ রেলওয়ের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি। মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশের রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে পারে।’ তিনি এদেশে যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ কারখানা নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















