করপোরেট প্রতিষ্ঠানের ওপর কম কর আরোপের বৈশ্বিক প্রতিযোগিতা বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৩ মার্চ) ওয়াশিংটনে এক শুনানিতে যুক্তরাস্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেন, করপোরেট কর কম রাখার বিষয়ে বিশ্বব্যাপী এক ধরনের প্রতিযোগিতা রয়েছে এবং আমরা এটির অবসান ঘটাতে চাই।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে জানানো হয়, হোয়াইট হাউস যখন ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিদের ওপর ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে এ মন্তব্য করলেন যুক্তরাস্ট্রের ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন।
আশা করা হচ্ছে, এ পদক্ষেপ অবকাঠামো এবং পরিবেশবান্ধব চাকরি সৃষ্টির জন্য ব্যয় বহুল প্রকল্পের অন্তর্ভুক্ত হবে।
ইয়েলেন বলেন, আমরা আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে বৈশ্বিক নীতি উন্নয়নের জন্য কাজ করছি, যেন কর বাড়ার ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগের জন্য কম আকর্ষণীয় না হয়।
হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির এক শুনানিতে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট মন্দা থেকে যুক্তরাস্ট্রের পুনরুদ্ধারের বিষয়ে আলোচনায় দেওয়া বক্তব্য এসব কথা বলেন তিনি।
ইয়েলেন আরও বলেন, তার কর্মীরা অন্যান্য দেশের সম্ভাব্য শুল্কের পরিবর্তনের সঙ্গে সমন্বয়ের জন্য অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, টেক জায়ান্টদের কাছ থেকে কীভাব কর আদায় করা যায় সে বিষয়ে ওইসিডি একটি বৈশ্বিক চুক্তির জন্যও জোর দিচ্ছে।

























