বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের এক রিসোর্টে নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ার এক দিন পর সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান রোববার দিবাগত রাত ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, এটাকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।
গত বছরের ৫ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানা থেকে পুলিশ সুপারের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব নেন রফিকুল ইসলাম।
কওমী মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে এক রিসোর্টে শনিবার নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় রোববার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজতের ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ।
থানায় লিখিত অভিযোগ দিয়ে হেফাজতের নেতারা থানার ভেতরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলছিলেন। একপর্যায়ে তারা একটি বেসরকারি টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদের মুঠোফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙ্গে ফেলেন। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান।
এ ঘটনার পর রাতে ওসিকে বদলি করা হলো।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেন, ‘থানার ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে।’



















