গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় তিনি নিজেই এ কথা জানান। তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার (৪ এপ্রিল) নমুনার ফলাফলে পজিটিভ আসে।
তিনি শারিরীকভাবে সুস্থ আছেন। তার সরকারি বাংলোয় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের অন্যদের নমুনাও পরীক্ষার জন্য দেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সহকর্মীদের নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা প্রশাসক করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















