টাঙ্গাইলের দেলদুয়ারে বেপরোয়া গতির দুই মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার এসআই এম এ আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের দেলদুয়ার উপজেলার গোমজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটর সাইকেল চালক টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজিম মিয়া (২৫)। আহতরা হচ্ছেন, বরুহা এলাকার গোলাপের ছেলে সোহেল রানা (২২) ও আশেকপুর এলাকার তারেকের ছেলে তন্ময় (২৬)।
দেলদুয়ার থানার এসআই এম এ আলমগীর জানান, দুই মোটরসাইকেলে দুই দিক থেকে তিন জন যুবক বেপরোয়া গতিতে মোটর সাইকেল নিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন। তবে ওই দুটি মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























