যশোরের চৌগাছায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রণোদনার কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষকের ২৫ কাঠা ক্ষেতের ধান কাটার মধ্য দিয়ে এই কার্যক্রমের করা হয়। মাত্র ৩৫ মিনিটে কৃষক শুকুর আলীর ২৫ কাঠা জমির ধান কাটা সম্পন্ন হয়।
কৃষক শুকুর আলী মেশিনে ধান কেটে মাড়াই করে খুব খুশি। গত বছর এই মাঠে ধান কেটে রাখার পর অতিবৃষ্টিতে সেই ধান তলিয়ে গিয়েছিল। তিনি জানান, হার্ভেস্টারে ২৫ কাঠা (৪১ শতাংশ প্রায়) জমির ধান কেটে তার চার হাজার টাকা কম লেগেছে।
তিনি বলেন, শ্রমিকরা এই জমির ধান কেটে ও মাড়াই করে দিতে মজুরি চেয়েছিল ছয় হাজার টাকা। সেখানে হার্ভেস্টারে মাত্র দুই হাজার টাকায় কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিন জানান, এই হার্ভেস্টারের ভর্তুকি গ্রাহক সিরাজুল ইসলাম। হার্ভেস্টারের মাধ্যমে প্রতি ঘণ্টায় দেড় একর জমির ধান কেটে মাড়াই করে দেওয়া যাবে। এই মেশিনে শুকনো ক্ষেত বিঘাপ্রতি (৩৩ শতাংশ) ১৮শ’ টাকা এবং কর্দমাক্ত ক্ষেত বিঘাপ্রতি দুই হাজার থেকে ২২শ’ টাকায় কেটে মাড়াই করে দেবেন।
এ উপলক্ষে জিসিবি আদর্শ কলেজ মাঠে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন।
উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক বাদলচন্দ্র বিশ্বাস, চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক দিপঙ্কর বিশ্বাস, কৃষি প্রকৌশলী সুজা উল হক, প্রণোদনার হার্ভেস্টার পাওয়া চাষি সিরাজুল ইসলাম, শুকুর আলী প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















