রংপুরে রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তার বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীতে টাকার বিনিময়ে চাকরির ভুয়া নিয়োগপত্র দিতেন তিনি। রবিবার দুপুরে র্যাব ১৩-এর নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর একটি দল অভিযান চালিয়ে নীলফামারীর সদর থানাধীন মাস্টার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করেন।
সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মু. আল-আমিন সরকার।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রফিকুল টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নীলফামারীর সদর থানায় প্রতারিত হওয়া এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ















