গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে রানা বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (০৩ মে) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রানা বিশ্বাস ওই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে ও কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে রানা বিশ্বাস তার বাবার কাছে একটি নতুন জামা কেনার বায়না ধরেছিল। কিন্তু তার দরিদ্র বাবা জামা কিনে দিতে চাননি। এতে বাবার ওপর অভিমান করে বাড়ির পাশে একটি বটগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রানা।
কোটালীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















