নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার খান পিনু’র লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১ টায় উপজেলার মুড়াপাড়া এলাকার মুড়াপাড়া সরকারী কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মরহুম আব্দুল জব্বার খান পিনু’র কফিনে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজার নামাযে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, মতিউর রহমান আকন্দ ও মনির হোসেন, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন সহ অনেকে অংশগ্রহণ করেন।
এ সময় জানাজায় অংশ গ্রহণকারীরা বলেন, “রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত হওয়ার কারণে রূপগঞ্জে মুক্তিযুদ্ধ সংগঠিত করা ও পরিচালিত করা সহজ ছিল না। নানা প্রতিকূলতার মধ্যেও আব্দুল জব্বার খান পিনু কমান্ডার হিসেবে অত্যন্ত সাফল্যের সাথে এই এলাকায় মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালনা করেছেন। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল, কৌতুক প্রিয়, সদালাপী, আন্তরিক ও খোলা মনের নানুষ। তাঁর অমিত সাহস, নেতৃত্বের দক্ষতা ও বিচক্ষণতা, অমায়িক ব্যবহার, সহযোদ্ধাদের প্রতি মমত্ববোধ সর্বোপরি দেশমাতৃকার প্রতি প্রগাঢ় ও নিঃস্বার্থ ভালবাসার জন্য তিনি সকল মুক্তিযোদ্ধাদের প্রিয়পাত্র হয়ে ওঠেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত ১২.৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল জব্বার খান পিনু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লিাহি—–রাজিউন)। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইউনাইটেড হসপিটালে ১৬ দিন লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















