কুষ্টিয়া শহরতলী জুগিয়া পালপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রি ও হেলপার দুই জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের যুগিয়া পালপাড়া এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে সাদেক মল্লিক (৪০) ও মানিক আলী (৩০) নামের রাজমিস্ত্রি ও হেলপার এর মৃত্যু হয়। শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে আমিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির।
নিহত সাদেক মল্লিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত স্বামীর মল্লিকের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের বাবা ছিলেন। আর নিহত মানিক আলী সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মন্ডলপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা ছিলেন। তারা দুজনেই রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যুগিয়া পালপাড়া এলাকায় মৃত মাহাতাব উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের নতুন ভবনের সেপটিক ট্যাংকের কাজ করতে যান রাজমিস্ত্রি মানিক। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে হেলপাড় সাদিক সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। এক পর্যায় ট্যাংক থেকে মানিকের মরা দেহ ওপরে তুলে আনার পর পরই সাদিকও মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করেন।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন। ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মানিক ও সাদিকের মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, মানিক ও সাদিক যুগিয়া পালপাড়া এলাকায় আমিরুল ইসলামের বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















