তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি কেনো যে বিদেশ নিয়ে যেতে চায় সেটি বোধগম্য নয়। কারণ দেশেই তো বেগম জিয়া সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পাচ্ছেন।
শনিবার (৮ মে) দুপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২১ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।
দেশের দুই বারের প্রধানমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া আমার কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তিনি এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা। বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পান তার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। তিনি সর্বোচ্চ চিকিৎসা সুবিধা এখন বাংলাদেশে পাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যে সব দেশে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, বিশেষ করে ইংল্যান্ডে, সেখানে করোনা মহামারিতে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে।
ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি দেখতে পাচ্ছি বিএনপি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। এনিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের সব চিন্তা এখন কেন্দ্রীভূত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। বেগম খালেদা জিয়ার তাপমাত্রা আছে কি নেই, এটি কত ডিগ্রি আছে, হাঁটুর ব্যথা আছে নাকি নেই। বর্তমানে বিএনপির রাজনীতি এসব কিছুর মধ্যেই সীমাবদ্ধ।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























