বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দু-একটি ফেরি চললেও ঘাটে দীর্ঘসময় আটকে আছে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন। ঘাটে যাত্রীর সঙ্গে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে মাছ, তরমুজসহ কাঁচামালে পচন ধরায় বাংলাবাজার ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) লোকজন ও পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
সরেজমিন ঘাট ঘুরে দেখা যায়, কোনো বিধিনিষেধই মানতে চাইছেন না দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাবাজার ঘাট থেকে দুটি ফেরি অ্যাম্বলেন্সসহ জরুরি যানবাহন নিয়ে পার হয়। তবে যাত্রীদের চাপে জরুরি যানবাহন তোলা পুলিশ ও বিআইডব্লিউটিসিকে বেগ পেতে হয়।
সকাল থেকেই উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের প্রচণ্ড ভিড় শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনে সয়লাব হয়ে যায় ঘাট এলাকা।
ফেরির জন্য অপেক্ষা করছেন যাত্রী ও যানবাহনগুলো। দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে রোগী নিয়ে বাংলাবাজার ঘাটে এসে অ্যাম্বুলেন্সকেও দেখা গেছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে। জরুরি সার্ভিস পারাপারে বিলম্ব হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি রোগীরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সারারাতই ট্রাকগুলো একপাশে রেখে প্রাইভেটকার ও যাত্রী পার করছে ফেরি কর্তৃপক্ষ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















