আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলের পাশে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। শনিবার কাবুলের শিয়া অধ্যুষিত অঞ্চল দস্ত-ই-বার্চিতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্তত ১৫০ জন। যাদের মধ্যে অধিকাংশই স্কুল শিক্ষার্থী। আহতদের চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। আজ রবিবার এক আফগান কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের বেশিরভাগ স্থানীয় সৈয়দ উল শুহাদা স্কুলের শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের নারী মুখপাত্র নাজিবা আরিয়ান জানান, স্কুলটিতে ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা করে। আহতদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী। এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে সাত থেকে আটজন মেয়ে শিক্ষার্থী। তারা স্কুল শেষে বাড়ির দিকে যাচ্ছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























