এটি তার অভিষেক ওয়ানডে নয়। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে এই ফরমেট খেলতে প্রথমবার মাঠে নেমেছিলেন নাইম শেখ। কিন্তু ওই ম্যাচে ওপেনার হিসেবে ছিলেন না। দলের দুর্দান্ত পারফরম্যান্সে ব্যাট হাতে নামতেই পারেননি।
এবার লিটন দাসের অব্যাহত বাজে ফর্মের কারণে বেশ আলোচনা হচ্ছিল নাইম শেখকে নিয়ে। লিটন-সৌম্যরা যখন তামিমের সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ, তাহলে নাইমকে সুযোগ দিতে দোষ কোথায়? এমন দাবিই ঘুরছিল ভক্ত-সমর্থকসহ অনেক ক্রিকেট বিশ্লেষকেরও মুখে মুখে।
‘আলোচিত’ নাইম সুযোগটা পেলেন। কিন্তু ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যাট হাতে নিয়ে দিলেন চরম ব্যর্থতার পরিচয়। ২ বলে মাত্র ১ রান করে দুশমন্ত চামিরার বলে স্লিপে ক্যাচ হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুধু নাইম নন, তিন নম্বরে ফেরার পর আরও একবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগের দুই ম্যাচে ১৫ আর শূন্যের পর আজ ৪ রানে সাজঘরের পথ ধরেছেন তিনি।
সাকিবও আউট হয়েছেন চামিরার বলে। পুল খেলতে গিয়ে স্কয়ার লেগে রমেশ মেন্ডিসের দুর্দান্ত ক্যাচ হয়েছেন তিনি। ২৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে মাত্র ১৩ রান। তামিম ইকবাল ৫ আর মুশফিকুর রহীম ২ রানে অপরাজিত আছেন।
প্রথম দুই ম্যাচে তিনটি ক্যাচ ছেড়েছিল বাংলাদেশ দল। কিন্তু বোলারদের উজ্জ্বল পারফরম্যান্সে ঢাকা পড়ে গিয়েছিল ফিল্ডিং ব্যর্থতা। আজ (শুক্রবার) শেষ ম্যাচে এক ব্যাটসম্যানেরই তিন ক্যাচ ছেড়েছে টাইগাররা। যার সুবাদে সেঞ্চুরি তুলে নেন কুশল পেরেরা। অধিনায়কের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।

























