ভারতের মুম্বাইয়ে দোতলা একটি ভবন বস্তির ওপর ধ্বসে পড়ে আট শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরো সাতজন। বুধবার দিবাগত রাতে মুম্বাইয়ের মালাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
সংশ্লিষ্টরা বলছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অনেকেই মৃত্যুর শঙ্কায় রয়েছেন এবং উদ্ধার কাজ এখনো চলমান। তারা বলছেন, মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন-বিএমসি আহতদের উদ্ধারে কাজ করছে।
স্থানীয় লোকজন সরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আহতদের উদ্ধারে সহায়তা করছে। আহতদের শহরের কান্দিবালী হাসপাতালে পাঠানো হচ্ছে।
হাসপাতালটির একজন চিকিৎসক বলেন, সর্বমোট ১৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে।
বিএমসির দুর্যোগ ব্যবস্থাপনা সেলের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টা ১০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























