টাঙ্গাইলের প্রধান কাঁচা বাজার পার্কবাজারে আগুনে ১০ টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুরে এই অগ্মিকান্ডের ঘটনা ঘটে। বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে।
পার্কবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জোয়াহের আলী বলেন, বাজারের দক্ষিণপাশে আড়তদার মধু সুধন সাহার দোকানে প্রথম আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহুর্তের মধ্যে আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভির আসার আগেই ১০ টি দোকানের প্রায় ৩৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ব্যবসায়ী ছরোয়ার হোসেনের ৪ লাখ ২০ হাজার টাকা, মধু সুধন সাহার ২ লাখ ১০ হাজার, আব্দুস সামাদের ৩ লাখ ৫৫ হাজার টাকা, নান্নু মিয়ার ৬ লাখ ৮০ হাজার টাকা, আকবর হোসেনের ২ লাখ ২০ হাজার টাকা, ওয়াহেদ মিয়ার ২ লাখ ৫০ হাজার টাকা, আব্দুল আলিমের ২ লাখ ২০ হাজার টাকা, ইমরান হোসেনের ৩ লাখ ৩৫ হাজার টাকা, আব্দুল হালিমের ২ লাখ ৫০ হাজার টাকা ও নুরু মিয়ার ৩ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















