ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ জুন) সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া ইন্দাজগহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৬) এবং একই উপজেলার কান্দা সাকরাইল গ্রামের দিনেশ চন্দ্র হালদারের ছেলে দীপক হালদার (২৫)। আহত অ্যাম্বুলেন্স চালক যশোর জেলার কোতয়ালী থানার গোপপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে রনি মিয়া (৩০)।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাটবাউর রহমান সিএনজি পাম্পের ১৫০ গজ পশ্চিমে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-২৪৩৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় মানিকগঞ্জ শহরগামী মটোরসাইকেল (ঢাকা মেট্রো হ-১৪-৮৮১১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনা স্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
তিনি আরো বলেন, আহত অ্যাম্বুলেন্স চালক রনি মিয়া গুরতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দূর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















