যুদ্ধাপরাধ মামলার আসামি ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নান (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)।
মঙ্গলবার (১৫ জুন) ভোর ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।
২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির প্রার্থী হান্নানের বিপক্ষে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। সেই নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন হান্নান।
এরপর ২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন
মামলা করেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৎকালীন সাংসদ এম এ হান্নান ও তার ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মামলায় ওই বছরের ১০ অক্টোবর মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও তার ছেলে ডা. রফিক সাজ্জাদকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে ছিলেন সাবেক এ সাংসদ।
গত সপ্তাহে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















