পাবনার গণপূর্ত ভবনে অস্ত্র হাতে মহড়া দেওয়া সেই আওয়ামী লীগ নেতাদের থানায় জমা থাকা দুটি শটগানের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জেলা প্রশাসক বরাবর এই সুপারিশ পাঠিয়েছেন। পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। মহড়াকারীরা অস্ত্র আইনের শর্ত ভঙ্গ করায় এই সুপারিশ করেছেন বলে তিনি জানিয়েছেন।
তবে এ ঘটনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গণপূর্ত ভবনে অস্ত্র হাতে মহড়া দেওয়া ওই দুই আওয়ামী লীগ নেতা হলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর খান এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু। ১৩ জুন পুলিশের নির্দেশে তাঁরা তাঁদের ব্যবহৃত দুটি শটগান থানায় জমা দেন।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বৈধ অস্ত্র ব্যবহারের কিছু শর্ত রয়েছে। গণপূর্ত ভবনে মহড়া দেওয়া ব্যক্তিরা সেই শর্ত অমান্য করেছেন। ফলে প্রাথমিকভাবে তাঁদের অস্ত্র দুটির লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। গণপূর্ত ভবনে তাঁরা লোকজন নিয়ে কেন গিয়েছিলেন, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















