টানা তিন ম্যাচ ড্র। কোপার শুরুটাও ড্র দিয়েই হয়েছে আর্জেন্টিনার। আত্মবিশ্বাসে ধাক্কা লাগা স্বাভাবিক। ড্রয়ের যাত্রা আরেকটু দীর্ঘ হলে কিংবা হেরে গেলে কোপার নকআউটে ওঠাই প্রশ্নের মুখে পড়ে যেত মেসিদের জন্য। সেটা হয়নি।
অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। আর জয়টাও এসেছে এমন এক দলের বিপক্ষে, নিঃসন্দেহে যাদের কোপা আমেরিকার শিরোপাপ্রত্যাশী দল বলা যায়। কোপার ইতিহাসের সফলতম দল উরুগুয়েকে হারিয়ে পাওয়া জয়টা বেশ স্বস্তি এনে দিয়েছে আর্জেন্টিনা শিবিরে। মেসিদের মনে আবারও দোলা দিয়ে যাচ্ছে শিরোপার আশা।
কোচ লিওনেল স্কালোনি ম্যাচের শেষে সে ব্যাপারটাই তুলে ধরেছেন, ‘আমরা সব সময়ে দলের জন্য যা ভালো, সেই সিদ্ধান্ত নিই। এটা একদম পরিষ্কার। এই জয় আমাদের অনেক স্বস্তি দিয়েছে, কারণ জয়টা এমন একটা দলের বিপক্ষে এসেছে, যারা অনেক শক্তিশালী। আজকে আমাদের দলের পারফরম্যান্স বেশ সন্তোষজনক ছিল।’


























