করোনায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে আফগানিস্তানে। রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় একদিকে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সম্বল করে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে।
সরকারি হিসেব অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত আফগানিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৯০৬ জন এবং এ রোগে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১২২ জন; কিন্তু দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা কয়েকগুণ বেশি। কারণ, যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে টেস্ট করাতে এসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন, সরকারি হিসেবে শুধু তাদেরকেই ধরা হয়েছে।
এদিকে, মে মাস থেকে দেশটিতে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া নতুন রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৩০০ জন।
এই পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগীর নাজারি মার্কিন বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আফগানিস্তানে করোনা পরিস্থতির অবনতি হচ্ছে। দেশের কোনো কোনো এলাকায় মোট জনসংখ্যার ৬৫ শতাংশই করোনায় আক্রান্ত- এমন তথ্যও এসেছে আমাদের কাছে।’
এদিকে সংক্রমণ বাড়ার পাশাপাশি করোনা রোগীদের চিকিৎসাতেও দেখা দিয়েছে বিপর্যয়। হাসপাতালগুলোতে শয্যা- মেডিকেল অক্সিজেন-স্বাস্থ্যকর্মীর ঘাটতি থাকার কারণে অনেক রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
























