ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘বিএইটিই অ্যাপ্লিকেশন অ্যান্ড এক্রিডিটেশন টুওয়ার্ডস্ অ্যাচিভিং এপিএ টার্গেট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। মঙ্গলবার দুইদিন ব্যাপি (২২ ও ২৩ জুন) এ সেমিনার ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়।
ডুয়েটের অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিম ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে এক অনন্য মর্যাদায় পৌঁছেছে। এখন শিক্ষা ব্যবস্থায় আউটকাম-বেইজ এডুকেশন ও এক্রিডিটেশনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছানো এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা শতভাগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোতাহারুল ইসলাম এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সেমিনারে সভাপতিত্ব করেন এপিএ টিম লিডার ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










