কভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের শ্বাস প্রশ্বাসে সমস্যা হলে ফোন দিলেই ১০ মিনিটের মধ্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় হাজির হবেন পুলিশ সদস্যরা। এজন্য চালু করা হয়েছে জেলা পুলিশের হটলাইন নম্বর—এমন ঘোষণার মধ্য দিয়ে নাটোরে যাত্রা করেছে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক।
করোনা মহামারীসহ সার্বিক প্রয়োজনে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যদের পাশাপাশি যেকোনো নাগরিকের প্রয়োজনে সরবরাহ নিশ্চিতে এ সেবা চালু করল জেলা পুলিশ। ০১৩২০-১২৪৫০২ এ নম্বরে কল করলেই হাসপাতাল কিংবা বাসায় অক্সিজেন পৌঁছে দেবে নাটোর পুলিশ।
গতকাল দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।










