সাকিব সুপার লিগ না শেষ করে স্ত্রী-সন্তানদের সাথে সময় কাটাতে চলে গেছেন যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে আমেরিকা থেকেই জিম্বাবুয়েতে জাতীয় দলের সাথে যুক্ত হবেন সাকিব আল হাসান। তবে কবে কখন সাকিব দলের সঙ্গী হবেন? সে প্রশ্নের উত্তরও কেউ সঠিকভাবে দিতে পারছেন না।
আজ বিকেলেই জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে সাকিব আল হাসানকে। এই দল দেখেই বোঝা যাচ্ছে, জিম্বাবুয়ে সফরে খেলবেন সাকিব। যদিও বিষয়টা এখনও জ্বল্পনা-কল্পনা রয়েছে।
এদিকে যেহেতু তিনি জাতীয় দলের সাথে দেশ থেকে যাচ্ছেন না। তাই জেগেছে প্রশ্ন, সাকিব কী আসলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন সিরিজ খেলবেন?
আজ দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর অপর নির্বাচক হাবিবুল বাশারও সেভাবে নিশ্চিত করে বলতে পারেননি যে সাকিব সব ফরম্যাটেই খেলবেন।
এ সম্পর্কে হাবিবুল বাশার যে কথা বলেছেন, তাতেও সাকিবের জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটে সিরিজ খেলার বিষয়ে কোন নিশ্চয়তা নেই। বাশার বলেন, ‘সাকিব যেহেতু না বলেননি, তাই ধরে নেয়া যায় সে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি- তিন সিরিজেই অংশ নেবে।’

























